শার্শায় টলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় টলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২০ই জুলাই) সকালে শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কের ‘সালামের মোড়’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল হোসেন (৩০) গুরুতর আহত হন। এছাড়াও ট্রলি চালক রুদ্রপুর গ্রামের আমিরুল ইসলাম ও তার সহকারী নিরব হোসেন আহত হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, রাতে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ম্যাচ দেখার পর ভোরে উষা, নাহিদ ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে আসছিলেন। অন্যদিকে, ইটভাটা থেকে ইট আনার উদ্দেশ্যে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক টলি চালক আমিরুল। রুদ্রপুরের সালামের মোড় এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে উভয় চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা উষা ও নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত মোটরসাইকেলের অপর আরোহী রুবেল, ট্রলি চালক ও তার সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠায়।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া অ্যাপাচি মোটরসাইকেল ও ট্রলিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *