বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মূল্যের ১৭ টন পাট বীজের একটি চালান জব্দ করেছে বন্দর কর্তৃপক্ষ।
সোমবার বিকালে বন্দরের ১৫ নম্বর শেড থেকে এসব বীজ জব্দ করার কথা বলেছেন বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা।
এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন উপস্থিত ছিলেন।
আবু তালহা বলেন, রোববার আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৪৫ টন ঘাস বীজ আমদানি করে। তবে এসবের মধ্যে আমদানি নিষিদ্ধ ১৭ টন পাট বীজ রয়েছে বলে স্থলবন্দরের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাধ্যমে জানা যায়।
পরে অভিযান চালিয়ে পণ্যের চালানটি জব্দ করা হয়। এ ছাড়া মিথ্যা ঘোষণার অপরাধে আমদানিকারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের এ কর্মকর্তা।
পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। আর এতে সরকার হারাচ্ছে রাজস্ব। এমন পরিস্থিতিতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।