স্টাফ রিপোর্টার: যশোরে কোটি টাকার ৫টি স্বর্ণের বারসহ আব্দুর রউফ (৪২) নামে এক পাচারকারী আটক হয়েছে। সে জেলার শার্শা উপজেলার রামপুর, লাউতারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে আটক করেন। পরে তার প্যান্টের পকেটে তল্লাশি করে ৫৮২ গ্রাম ওজনের ৫ টি স্বর্ণের বার, ২টি মোবাইল এবং নগদ ১০,৬৯০ টাকা আটক জব্দ করেন বিজিবি। এসব স্বর্ণের বাজার মূল্য কোটি টাকার উপরে বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আব্দুর রউফ ঢাকার ধুলাইপার এলাকা থেকে এসব স্বর্ণ পাচারের উদ্দেশ্যে ঝিকরগাছা হয়ে বেনাপোল সীমান্তের দিকে নিয়ে যাবে। ভোর থেকে বিজিবির একটি টহল পার্টি আগে থেকে দরগা ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছিল। সেখানে আসলে তার গতিরোধ করে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এসব স্বর্ণের বার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।