তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে অর্ধ কোটি টাকা মূল্যের দু’টি স্বর্ণের বারসহ খালেদ হোসেন(৪৯) নামে এক স্বর্ণ পাচারকারী আটক হয়েছে। সে মানিকগঞ্জ জেলার সিঙ্গাড়ী উপজেলার গোবিন্দল গ্রামের বাদশা মিয়ার ছেলে।
রোববার (২৫শে জানুয়ারি) জেলার সদর উপজেলার মুরাদ গড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের সদস্যরা তাকে আটক করেন। পরে তার প্যান্টের পকেটে তল্লাশি করে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো জব্দ করেন।
জব্দকৃত স্বর্ণের ওজন ২৩৩.২৬ গ্রাম। এ সময়ে তার কাছ থেকে ১টি মোবাইল এবং নগদ ৩,২৫০ টাকা ও জব্দ করেন বিজিবি সদস্যরা।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৫১,১১,৮৯২টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ১,০০০ টাকা এবং নগদ ৩,২৫০ টাকাসহ সর্বমোট মূল্য ৫১,১৬,১৪২ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।