নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে বহুল আলোচিত তরিকুল হত্যা মামলার ৫ আসামী একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার ও বুধবার জেলার কেশবপুর, অভয়নগর ও মনিরামপুর এলাকায় অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, যশোর কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মেহেরজান গাজীর ছেলে মিন্টু গাজী (৩৬), জেলার মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের ইজ্জত আলী দফাদার ছেলে হাসানুর রহমান (৪০), জেলার অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নেছার আলী খাঁর ছেলে বিল্লাল খাঁ (৩৮), একই এলাকার জিয়ারুল খন্দকারের ছেলে আবু হুরায়রা (২৫) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান হৃদয় (২৮)।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই অভয়নগরে তরিকুল হত্যার আসামী। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবারে ও বুধবার দুই দিনে অভয়নগর, কেশবপুর ও মনিরামপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তারা তরিকুল হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।