মাছের ঘের দখলকে কেন্দ্র করে অভয়নগরে কৃষক দল নেতা খুন

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:যশোরের অভয়নগরে মাছের ঘের দখল কে কেন্দ্র করে উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ই মে) সন্ধ্যায় উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামের মিন্টু বিশ্বাসের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তরিকুল ইসলাম নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ধোপাদী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে তরিকুল ইসলামের মাছের ঘের রয়েছে। এই ঘের নিয়ে স্থানীয় একটি গ্রুপের সাথে তরিকুল ইসলামের বিরোধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রুপের লোকজন তরিকুলকে ডহর মশিয়াহাটী গ্রামের মিন্টু বিশ্বাসের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ঘেরের ইজারার টাকা নিয়ে বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত ৬-৭ জন দুর্বৃত্ত তরিকুল ইসলামকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। পরে তারা স্থানীয় বাজারের কয়েকটি দোকানে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর মিন্টু বিশ্বাসের বাড়ির লোকজনও পালিয়ে গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৮ টার দিকে মরদেহ উদ্ধার করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাছের ঘেরে বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্য কোন ঘটনা আছে কিনা সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। এরপরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

এ বিষয় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) এবং অভয়নগর থানাসহ পুলিশের কয়েকটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক কাজ চলছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *