দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সবাইকে সতর্ক থাকতে হবে -জেলা প্রশাসক

নিউজটি শেয়ার লাইক দিন
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।“যশোরে সবচেয়ে কম উন্নয়ন হয়েছে, অথচ এখানে শত শত কোটি টাকা বরাদ্দ এসেছে।
এই বরাদ্দের অর্থ লুটপাট হয়েছে। এ সব লুটপাট হওয়া অর্থ ব্যবহার করে দেশে বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কোনোভাবেই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়ার পরামর্শ দেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে যশোরের চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এসব কথা বলেন।
সভায় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ চৌগাছায় বাস টার্মিনাল, বিশেষায়িত সবজি সংরক্ষণাগার, চৌগাছা হাসপাতালে একশ শয্যা চালুকরণ, মডেল মসজিদ নির্মাণ, চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত দ্বিতল ভবনের বিষয়ে, চৌগাছা বাজারের যানজট নিরসনসহ বিভিন্ন সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন।
জেলা প্রশাসক এসব বিষয়ে সাবলীলভাবে জবাব দেন এবং কিছু কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানও দেন। তিনি বলেন, “কাজ করার জন্য আমাদের মানসিকতা বদলাতে হবে। মানসিকতা বদল হলেই অনেক কাজ স্থানীয়ভাবে করা সম্ভব হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “যেসব সরকারি দপ্তরের কর্মকর্তারা এখনও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের সাবধান করে দিচ্ছি। সামনে এমন দিন আসবে, যেদিন তারা খুব বেশি সমস্যায় পড়বেন।”
চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জায়গা বরাদ্দ নিয়ে যেসব ব্যক্তি অনুমতি ছাড়া দ্বিতল ভবন নির্মাণ করছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “এমন কিছু করবেন না, যাতে একদিন চরম বিপদে পড়তে হয়।”
কপোতাক্ষ নদের তীরের মাটি যারা অবৈধভাবে কেটে নিচ্ছে, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডকে। তিনি বলেন, “শুধু জরিমানা নয়, অপরাধীদের জেলও দিতে হবে।”
চৌগাছা বাজারের যেসব দোকানি নিজের দোকানের বাইরে মালামাল রাখেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ইউএনও, ওসি এবং এসিল্যান্ডকে।
নারী, শিশু ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে তিনি ওসিকে বলেন, “এই বিষয়ে আমাদের জিরো টলারেন্স। কেউ যেন কোনোভাবেই পার না পায়।”
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রকৌশলী তাসমিন জাহান।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সভাপতি প্রভাষক বিএম হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মুঞ্জুরুল আলম লিটু, কাটগড়া ডাক্তার সাইফুল ইসলাম কলেজের অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, পৌর আইপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী প্রমুখ।
মতবিনিময় সভা শেষে নারীর ক্ষমতায়নে কয়েকজন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। এরপর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আউস প্রণোদনা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *