নিজস্ব প্রতিনিধি: যশোরে প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেলের চালকসহ দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২ই এপ্রিল) রাত দশটার দিকে জেলার শার্শা উপজেলার মিনি স্টেডিয়ামের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেনাপোলের বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক রাসেল (২০) ও তার সাথে থাকা একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোটরসাইকেলের আরোহী জাহিদ হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত দশটার দিকে রাসেল ও জাহিদ নামে দুই যুবক এপাচি মোটরসাইকেল যোগে যশোর থেকে বেনাপোল অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে শার্শা বলফিল্ডের সামনে পৌঁছালে পিছন থেকে একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাইভেটকারটি শার্শা বল ফিল্ডের সামনে ইউ টান নিচ্ছিল। এ সময়ে দ্রুত গতিতে যাওয়ার সময়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। তবে এই ঘটনায় প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।