শার্শায় ঈদগাহ মাঠে দুই পক্ষের সংঘর্ষে আহত-৩
শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শায় ঈদগাহ মাঠে দুই পক্ষের সংঘর্ষে তিন জন আহত হয়েছে।
আহতরা হলেন, বেড়িনারায়ণপুর গ্রামের দুলু বেপারীর ছেলে আব্দুর রশিদ (৫৩) ও শাহাজান (৪৫) এবং কদম আলীর ছেলে আয়াত আলী (৬৫)।
সোমবার (৩১ মার্চ) সকালে শার্শা উপজেলার সদর ইউনিয়নের বেড়ি-নারায়ণপুর গ্রামের ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাহ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ঈদের নামাজের সময় ১০ মিনিট বাড়ানোর প্রস্তাব দেন। এ বিষয়ে ক্যাশিয়ার আব্দুর রশিদ ইমামের সঙ্গে আলোচনা করলে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই গ্রামের মোখলেস (৫২), আজিজ (৪০) ও আলিম (৩৫) দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ লিখিতভাবে অভিযোগ করেনি। লিখিতভাবে অভিযোগ করলে বিষয়টি খোঁজখবর নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।