উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শায় জামাল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ পড়ে ছিলো তার নিজের মোটরসাইকেলের পাশে।
স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ রোববার রাতে ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার রাতে জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের শফি ইটভাটা সংলগ্ন সেতাই বালুন্ডা সড়কের পাশ। নিহত যুবক জামাল হোসেন (২৫) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাদপুর গ্রামের আইয়ুব হোসেনের ছেলে।
নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। পরে তার কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের আলী হোসেন খাঁর ছেলে জাহিদ হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছেন, নিহত ব্যক্তি মাদক ও স্বর্ণ পাচারের সাথে জড়িত ছিল। আটক জাহিদ হাসান ও নিহত জামাল সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারীর কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে জাহিদ হাসান (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আটক ব্যক্তি কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।