নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি অভিযানে ৩০ হাজার আমেরিকান ডলার ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ হয়েছে।
কিন্তু এইসব অবৈধ মুদ্রা ও ভারতীয় পণ্য পাচারের দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি। আসামি আটক না হওয়ায় বিষয়টি নিয়ে বেনাপোল সীমান্ত এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকেই বলাবলি শুরু করেছে তাহলে কি পুলিশের ভূমিকা এখন বিজিবি? এসব অবৈধ ব্যবসায়ীর সঙ্গে রফা করেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সীমন্ত জুড়ে মানুষের মুখে মুখে।
শনিবার (১৮ই জানুয়ারী) সন্ধ্যায় সীমান্তের শাহজাদপুর, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব ডলার ও পণ্য জব্দ করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল শাহজাতপুরে সীমান্তে অভিযান চালালে একজন পাচারকারী একটা টুপলা ফেলে পালিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। এ সময়ে টুপলা খুলে ৩৬ লাখ বাংলাদেশি টাকা মূল্যের ৩০ হাজার আমেরিকান ডলার উদ্ধার করা হয়। অন্যদিকে বেনাপোল আমড়াখালী ও আইসিপি চেকপোস্ট থেকে সাড়ে চার লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেট, ওষুধ, বিদেশি মদ ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। তবে এসব অবৈধ বৈদেশিক মুদ্রা ও মালামাল পাচারের সাথে জড়িত থাকার দায় কাউকে আটক করা সম্ভব হয়নি।