তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: সব জল্পনা কল্পনা শেষ করে ২৪শে ডিসেম্বর থেকে মাত্র সাড়ে তিন ঘণ্টার ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ বেনাপোল থেকে ঢাকা ছুটবে।
‘রূপসী বাংলা এক্সপ্রেস’বেনাপোল যশোর পদ্মবিলা রেল জংশন হয়ে পদ্মা সেতু উপর দিয়ে খুলনা-ঢাকা-খুলনা ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে নতুন এক জোড়া করে মোট দুই জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সব ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর থেকে এই নতুন ট্রেন চলাচল শুরু হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন।
এতে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর থেকে খুলনা-ঢাকা-খুলনা রুটে এক জোড়া এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভোর ৬টায় ছেড়ে সকাল পৌনে ১০টায় ঢাকা পৌঁছাবে এবং ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছাবে।
এই ট্রেনটির বিরতি স্টেশন নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গ জংশন। অপরদিকে, বেনাপোল থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে এবং ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় ছেড়ে দুপুর আড়াইটায় বেনাপোল পৌঁছাবে।
এই ট্রেনটির বিরতি স্টেশন যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন। দু’টি ট্রেনের ১২টি কোচে আসন সংখ্যা ৭৬৮ এবং সাপ্তাহিক বন্ধ সোমবার। আগামী ২১ ডিসেম্বর রাত ৮টা থেকে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার এবং অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাবে।
আগামী ২৪ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নতুন দুই জোড়া ট্রেন চলাচল উদ্বোধন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বর্তমানে ট্রেনে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগে ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট। অর্থাৎ নতুন চালু করা ট্রেনযোগে ঢাকা-খুলনা/বেনাপোল যাতায়াতে সময় কম লাগবে যথাক্রমে ৫ ঘণ্টা ৩৫ মিনিট ও প্রায় ৪ ঘণ্টা।