বেনাপোল সীমান্তে গাজীপুর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে ঢাকার গাজীপুর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান খান কিরন গ্রেপ্তার হয়েছেন। তিনি গাজীপুর ৪৩ নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার এবং সাবেক প্যানেল মেয়র ও ছিলেন।
সোমবার রাত সাড়ে এগারোটার দিকে বেনাপোল শিকারপুর সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটিন কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী.
তিনি জানান, সোমবার দিবা গত রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সীমান্তের দালালদের মাধ্যমে চোরাইঘাট ব্যবহার করে এক লাখ টাকা চুক্তিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন নির্যাতন চালানো ওই নেতা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।