চৌগাছায় ছুরিকাঘাত করে যুবককে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছায় আলী হোসেন ওরফে খোকন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।শনিবার (২৭শে জুলাই) রাত ৮টার দিকে হুদাপাড়া জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

সে চৌগাছা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের হুদাপাড়া মহল্লার মৃত আব্দুল মুজিদের ছেলে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে হুদাপাড়া মহল্লার বাসিন্দা আলী হোসেন খোকনের সঙ্গে একই মহল্লার হারুন অর রশিদের ছেলে আশরাফ হোসেনসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, তারই জের ধরে ওই দিন রাত ৮টার দিকে মহল্লার জামে মসজিদ সংলগ্ন জালাল উদ্দিনের বাড়ির সামনে খোকনকে একা পেয়ে প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত খোকনের ভাগ্নে শাকিল হোসেন বলেন, প্রায় এক বছর আগে আমার মামা খোকনের মানসিক সমস্যা দেখা দেয়। বর্তমানে তিনি সুস্থ। কিন্তু গ্রামের সাইফুল ইসলাম, আশরাফ হোসেন, রেজা উদ্দিন ও আব্দুল মালেক তাকে প্রায় সময়ই পাগল বলে ডাকতো। শনিবার দুপুরে এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং রাতে তারা মামাকে ছুরি মেরে হত্যা করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুলকার হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়ে বলে ধারণা করা হচ্ছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,, প্রাথমিকভাবে জানা গেছে তুচ্ছ একটি ঘটনায় এই হত্যা ঘটেছে। তদন্ত শুরু হয়েছে। দ্রুতই হত্যার মূল রহস্য উদঘাটনের পাশাপাশি ঘাতককে পুলিশ আটক করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *