অনলাইন ডেস্ক:পুবের কলম ওয়েব ডেস্ক: এবার নিজেদের মতাদর্শের সঙ্গে তাল মিলিয়ে কুরআন ও বাইবেলের পুনর্লিখনের পরিকল্পনা নিয়েছে কমিউনিস্ট দেশ চিন। গত নভেম্বরে দেশটির ক্ষমতাসীনরা এই পরিকল্পনা নেয়। দেশটির সমস্ত ধর্মীয় বিষয় পর্যালোচনা করার জন্য দায়িত্ব নেয় এক কমিটি। তবে পুনর্লিখন সম্পর্কে চিন সরকার কুরআন-বাইবেলের সরাসরি উল্লেখ করেনি। তারা জানিয়েছেন সমস্ত ধর্ম গ্রন্থ তারা দেশের সমাজনীতি অনুযায়ী পুনর্লিখন করতে চলেছেন। তাঁদের দাবি, এই সমস্ত ধর্মগ্রন্থের উপাদান গুলি সমাজতান্ত্রিক মতাদর্শের সঙ্গে খাপ খায় না। তাই এগুলির মধ্যে কিছু পরিবর্তন আনার দরকার রয়েছে।
এতে সমাজতন্ত্রের সঙ্গে কোনও উপাদানের আর অমিল থাকবে না। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর শাসনের সঙ্গে এই ধর্মগ্রন্থগুলিকে সামঞ্জস্যপূর্ণ করে তোলার দরকার রয়েছে বলে ওই কমিটির মত।
পুনর্লিখিত সংস্করণে চিনা ভাবাদর্শের সঙ্গে কোনও বিরোধী উপাদান থেকে গিয়ে থাকলে সেই গুলি সংশোধন করার জন্য সেন্সর বোর্ড তৈরি করা হয়েছে। ইতিমধ্যে, উইঘুর মুসলিমদের বন্দি শিবিরে আটক করে রাখা নিয়ে বিশ্ব জুড়ে সমালোচনার শিকার হয়েছে চিন। বিভিন্ন মানবাধিকার সংগঠন চিনের এই কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করেছে। তাঁদের দাবি, এই ঘটনায় মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তার মধ্যে ধর্মগ্রন্থ পুনর্লিখলের কথা সমানে আসতে বিষয়টি নিয়ে আরও বেশি করে সমালোচনার মধ্যে পড়তে চলেছে চিন।