কুমিল্লা সংবাদদাতা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় দুই যুবদল নেতা নিহত হয়েছেন।
রোববার (৩০শে অক্টোবর) সন্ধ্যায় মহাসড়কের চান্দুশী এলাকায় তাজমহল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন (৪০) ও যুগ্ম আহ্বায়ক ইরফানুল হক মানিক (৪৫)।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা থেকে ফেনীগামী যমুনা পরিবহনের একটি বাস একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই মোটরসাইকেলে থাকা দেলোয়ার ও মানিক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি।