যশোরে ডেঙ্গুতে আরো এক রোগীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সাবু বিশ্বাস (৩২)।

সে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশার একজন রাজমিস্ত্রি।

১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে মোট চারজনের মৃত্যু হলো।

যশোর সিভিল সার্জন সূত্র থেকে জানা গেছে,রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৭ জন। একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাত মাসে যশোরে চারজনের মৃত্যু হলো।

সাবু বিশ্বাসের চাচাতো ভাই ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, সাবু কয়েকদিন ধরে অসুস্থ ছিল। তার মুখ দিয়ে রক্ত উঠছিল। অসুস্থতা বেশি হলে রোববার তাকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে রাতে ঢাকায় পাঠানো হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে। দুই ছেলে ও স্ত্রী রয়েছে তার।

যশোরের সিভিল সার্জন বিপ্লব কুমার বিশ্বাস বলেন, যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা স্থিতিশীল রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রোববার জেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে সপ্তাহের প্রথমদিন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *