স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দু’টি অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
শুক্রবার দুপুর থেকে বিকেল চারটা পর্যন্ত বেনাপোল বোয়ালিয়া পশ্চিমপাড়া অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ তাদের আটক করেন।
শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে একটি টিম শুক্রবার দুপুর আড়াইটার দিকে বেনাপোলের বোয়ালিয়া পশ্চিমপাড়ায় জোসনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তার খাটের নিচে মাটি খুঁড়ে ১০কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক জোসনা বেগম ওই এলাকার সামছুর রহমানের স্ত্রী ও আলী হোসেনের মেয়ে।
গোয়েন্দা পুলিশের একই দলটি বিকাল ৪টার দিকে বোয়ালিয়া সুলতান ঢালী বাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ তাকে আটক করে। আটক সুলতান ঢালী ওই এলাকার মরু ঢালীর ছেলে।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, মাদকসহ আটককৃতরা বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসার করে আসছিল। দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক ব্যবসায়ীরা তাদের নিজ নিজ ঘরে বিপুল পরিমাণে মাদক রেখে দিয়েছে কেনাবেচা করার জন্য। দুপুর আড়াইটার দিকে সেখানে একটি চৌকস দল পাঠিয়ে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে অভিযানিক দলটি বেনাপোলের বোয়ালিয়া এলাকায় দুটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে বলে তিনি জানান ।