স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল ৪ নাম্বার ঘিবা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৫৪০ গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক মাদক কারবারি কে আটক করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বেনাপোল ঘিবা বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ মানিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ঘিবা সীমান্তের বাংলাদেশ মেইন পিলারের ২৩ হতে ২০০ গজ অভ্যন্তরে ঘিবা মাঠে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করেন।
জব্দকৃত মাদক দ্রব্যের সিজার মূল্য ৫৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ সময়ে ওই মাদক ব্যবসায়ীর কাছে থাকা একটি গরুও জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মাদকসহ আটক জাহাঙ্গীর হোসেন বেনাপোল ৪নং ঘিবা গ্রামের মৃত আরশাদ আলী মন্ডলের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বেনাপোল ঘিবা বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ মানিরুল ইসলামের সমন্বয়ে একটি টহল দল দেখতে পায় ঘিবা সীমান্তের ২৩ নম্বর পিলারের কাছে জাহাঙ্গীর একটি গরু নিয়ে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করছে। বিষয়টি বিজিবি সদস্যরা জাহাঙ্গীরের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। কিছু সময় পরে বিজিবি সদস্যরা দেখতে পায় ভারতীয় সীমান্ত থেকে একজন চোরাকারবারি তার কাছে একটা প্যাকেট দিয়ে চলে যায়। তার কিছু সময় পরে গরু নিয়ে জাহাঙ্গীর সীমান্ত দিক হতে বাংলাদেশের অভ্যন্তর দিকে আসতে থাকে। এ সময়ে বিজিবি সদস্যরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধীদপ্তরের প্রতিনিধি ও পুলিশ প্রতিনিধ দলের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ব্যক্তিকে তল্লাশি করে ৫৪০ গ্রাম হেরোইন জব্দ করেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।