স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সাদিপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজমুল হাসান (১৯) দুই কেজি গাঁজাসহ যশোর বসুন্দিয়ায় আটক হয়েছে।
বুধবার বেলা এগারোটার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি জাকির শেখের মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে যশোর র্যাব -৬ এর সদস্যরা এ বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাকে আটক করেন। আটক নাজমুল হোসাইন বেনাপোল সাদিপুর গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার নাজিউর রহমান বলেন, আটক নাজমুল যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বেনাপোল সীমান্ত থেকে মাদকদ্রব্য নিয়ে যশোর বসুন্দিয়াসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলো। বুধবার সকাল সাড়ে দশটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি জাকির শেখের মুদির দোকানের সামনে বিপুল পরিমাণে গাজা নিয়ে বেচাকেনার জন্য অবস্থান করছে। এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।