চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় নারকেল গাছে উঠে ডাব পাড়তে গিয়ে শিমুল হোসেন(২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১০টার দিকে গ্রামে শিমুলের নিজের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বর্ণিশাহাপুর- কাশিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। শিমুলের চার বছরের ছেলে ও একটি শিশু কন্যা সন্তান রয়েছে ।
শিমুলের মামাতো ভাই জাকির হোসেন বলেন, শিমুল সকালে মাঠে কাজ করতে এসে বেলা সাড়ে ১০টার দিকে নিজের বাড়ির নারিকেল গাছে ডাব পাড়তে ওঠে। এ সময়ে গাছ থেকে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয় । আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বর্ণি বাজারের গ্রাম চিকিৎসক জবার কাছে নেয়। পরে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার জানান, কয়েকজন লোক বুধবার বেলা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধাঘন্টা আগে তার মৃত্যু হয়েছে।