স্টাফ রিপোর্টার: যশোরে পাচার করা স্বর্ণ ছিনতাইয়ের পর বিক্রি করে টাকা ভাগ-বাটোয়ারার দ্বন্দ্ব নিয়ে খুন করা হয় কে লাভলু।
তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ার পর যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা হত্যার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকার দায়ে দুই আসামিকে বিদেশি দুটি পিস্তল, দু’টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ আটক করেছে ।
শনিবার দিবাগত রাতে যশোরের খোলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ অস্ত্রসহ তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন, খুন হওয়া লাভলুর ছেলে সাকিল (১৬) ও খোলাডাঙ্গা মধ্যপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে ইসরাইল (৩৮)।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গত ১০ জুন ২০২২ ইংরেজি তারিখে সকাল সাড়ে সাতটার দিকে যশোর খোলাডাঙ্গা রেললাইনের পাশে একটি আমবাগান থেকে যশোর আফিল পোল্ট্রি ফার্মের কর্মী লাভলুর ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার আঃ মান্নানের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনার পরপরই হত্যাকারীরা হত্যার ঘটনাটা অন্যদিকে প্রবাহিত করার জন্য নানা অপপ্রচার চালাতে থাকে। তারা প্রথমদিকে প্রচার চালাতে থাকে ২০১৯ সালে তার ছোট ভাইকে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। লাভলু তার ছোটভাই হত্যাকাণ্ডের মামলার বাদী ছিলেন। মামলার বিবাদীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রচার করতে থাকে লাভলু হত্যা কারীরা।
লাভলু হত্যাকাণ্ডের পর দিন নিহতের লাভলুর বাবা আবদুল মান্নান যশোর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি স্পর্শ কাতর হওয়ায় যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার মামলাটির তদন্তভার দেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের উপরে। এরপর যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার মামলাটি তদন্তের ভার দেন যশোর গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম, আমিরুল ইসলাম, শামীম হোসেনের সমন্বয়ে একটি চৌকশ টিম কে। টিম টি গোপন ও প্রকাশ্য অনুসন্ধানকালে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার সকাল ১১ দিকে নিহত লাভলু হোসেনের ছেলে সাকিল হোসেন (১৬) ও তার স্ত্রী সালমাকে ডিবি পুলিশের টিম নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সাকিল হোসেন ঘটনা আড়াল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে সে তার পিতার লাভলু হোসেনের হত্যার বিষয়টি ধামাচাপা (গোপন) করার কথা স্বীকার করে হত্যাকান্ডে জড়িতদের নাম প্রকাশ করে এবং সে হত্যার সময়ে ও লাশ গুম করার সময়ে ঘটনাস্থলে হত্যাকারীদের সথে উপস্থিত থাকার বিষয়ে স্বীকার করে এবং হত্যার কারনসহ বিস্তারিত বিবরন দেয় । একপর্যায়ে তার স্বীকারোক্তি মতে তার বাড়ীর দক্ষিন পার্শ্বে সদু পাগলের পুকুর থেকে ১ টি বিদেশী পিস্তল ২ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় উদ্ধার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এছাড়াও ঘটনায় জড়িত প্রধান আসামী কামরুজ্জামান @ খোড়া কামরুলকে ধরতে অভিযান চালায়। একপর্যায়ে সাকিলের তথ্য মোতাবেক খোড়া কামরুলের সহযোগী ইসরাইল নামের এক যুবককে আটক করে তার স্বীকার অনু্যায়ী আরও ১টি বিদেশী পিস্তল উদ্ধার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে হত্যার ঘটনাস্থল খোড়া কামরুলের বসতবাড়ীতে অভিযান চালিয়ে খোড়া কামরুলের কক্ষে লাভলুকে হত্যা করা হয়েছে সে কক্ষের তালা খুলে ঘটনাস্থল পরিদর্শন করে সাকিলের তথ্য যাচাই করে সত্যতা পাওয়া যায়। নিহত লাভলু এর স্ত্রীকে জিজ্ঞাসাবাদেও এক পর্যায়ে হত্যার কারন উদঘাটন করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
প্রাথমিক তদন্তে ও ধৃত সাকিলের তথ্য মোতাবেক জানা যায় যে, কামরুজ্জান @ খোড়া কামরুল তার সহযোগীদের মাধ্যমে ১ থেকে ২ মাস আগে স্বর্ণ চোরা কারবারীদের নিকট থেকে অনুমান ৬ থেকে ৭ কেজি স্বর্ণ ছিনতাই করে। খোড়া কামরুলে একান্ত সহযোগী লাভলুর ছেলে সাকিল ও স্বর্নকার কবীর হাওলাদের মাধ্যমে স্বর্ণের বার বিক্রি করে লাভলুসহ একত্রিত হয়ে বৃহস্পতিবার রাতে ভাগবটোয়ারা করে। তারই ধারাবাহিকতায় ঐ দিন বৃহঃ বার রাতে খোড়া কামরুল ও কবীরের ডাকে কামরুলে বাড়ীতে লাভলু ও তার ছেলে সাকিল উপস্থিত হয়। সাকিল ঘরের বাইরে মোবাইলে গেমস খেলতে থাকে। পরিকল্পনা মোতাবেক খোড়া কামরুল, কবীর ও রফিকুল পরস্পর যোগসাজসে লাভলুকে নিয়ে ঘরে থাকে। রাত অনুমান ১২ টার সময় হঠাৎ একটি গুলির আওয়াজ হয়। সাকিল ঘরের দিকে এগিয়ে গেলে দেখে তার পিতা লাভলু উলঙ্গ চিত হয়ে মেঝেতে পড়ে আছে। বুক ও নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। সে সময় খোড়া কামরুল, তার স্ত্রী, বোন সঙ্গীয় কবীর ও রফিকুল সাকিলকে শান্তনা দেয় লাভলুর বুকে গুলি লাগছে এবং মরে গেছে। সাকিলকে অর্থ ও জীবন জীবিকার লোভ দেখিয়ে হত্যার ঘটনা ধামাচাপা দিয়ে ভিন্নখাতে প্রবাহ করার জন্য খোড়া কামরুলের স্ত্রী ও বোন মুখে ছেড়া লুঙ্গী গুজে দেয় এবং কামরুলের নির্দেশে কবীর ও রফিকুল মটরসাইকেল যোগে বেলতলা আমবাগানের মধ্যে লাভলুর লাশ গুম করে এবং সাকিলকে অস্ত্রগুলি দিয়ে গোপন করতে বলে। লাভলু তার ছোট ভাইয়ের হত্যার বাদী হওয়ায় ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের জন্য সাকিলকে হত্যাকারী কামরুল গং পরামর্শ দেয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।