পিসের উপর মাটির সলিং, দুই ঘন্টায় ২০ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার

নিউজটি শেয়ার লাইক দিন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় প্রধান পিসের সড়কের ওপর মাটিবাহী ট্রাক চলাচলে ট্রাক থেকে মাটি পিসের রাস্তায় পড়ে পিসের উপর মাটির সলিং এ পরিণত হয়েছে। এ কারণে সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে দুই চাকার জান বৃষ্টি হওয়া মাত্রই দুর্ঘটনার কবলে পড়েছে।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় হঠাৎ ঝড় বৃষ্টিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার পর দু’ঘণ্টার মধ্যে প্রায় ২০টি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি বেতনা নদী খনন কাজ শুরু হয়েছে। খননকৃত সেই মাটি এই সড়কের ওপর দিয়ে ট্রাকে করে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাক থেকে পড়া মাটি সড়কের ওপর জমে যাওয়ার ফলে সামান্য বৃষ্টিতেই কাদা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন গুরুত্বপূর্ণ এই সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকরা।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় প্রায় এক ঘণ্টা মাঝারি বৃষ্টিপাত হয়। এতেই সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় কয়েক কিলোমিটার রাস্তায় কাদা তৈরি হয়েছে। সন্ধ্যার পর থেকে সেই কাদা-পানির ওপর দিয়ে চলাচল করার সময় প্রায় ২০ জন মোটরসাইকেল চালক দুঘর্টনার শিকার হয়েছেন। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

তিনি বলেন, আমরা সড়কের এই অবস্থার কথা পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগে ফোন দিয়ে জানিয়েছি। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কেউ কোনো পদক্ষেপ নেয়নি।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, সড়কের ওপর পড়ে থাকা কাদামাটি অপসারণে সংশ্লিষ্ট ঠিকাদারকে বলা হয়েছে। তারা দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।

সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, ওই এলাকায় সড়কের কোনো সমস্যা নেই। পাকা সড়কের ওপর ইটের ভাটার মাটির ট্রাক চলাচল করায় হঠাৎ বৃষ্টিতে কাদা মাটি তৈরি হয়েছে। বিষয়টি আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট ভাটা মালিকদেরকে অবগত করেছে। তাদেরকে রাস্তার উপর থেকে কাদা মাটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি খুব দ্রুত ইটভাটার মলিকরা রাস্তা থেকে এসব কাদামাটি পরিষ্কার করে ফেলবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *