খুলনায় মুদিদোকানিকে ছুরিকাঘাত করে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

খুলনা প্রতিনিধি: খুলনা পূর্ব রূপসায় বাগমারা এলাকায় পাওনা টাকা চাওয়ায় বিতর্কে হৃদয় শেখ (২৪) নামের এক মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় মিঠু নামে আরেক যুবক আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত যুবক এলাকার হারুন শেখের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ইফতারির পর পাওনা টাকা নিয়ে তর্কবিতর্কে কয়েকজন যুবক হৃদয় শেখকে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। হামলায় জড়িতদের চিহ্নিত করা গেছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। হৃদয় শেখ এবং তার খালাতো ভাই মিঠুর পাশাপাশি মুদি দোকান রয়েছে।

মিঠুর দোকান থেকে স্থানীয় এক যুবক বাকিতে মালামাল নেয়। পাওনা টাকা চাওয়ায় বুধবার দুপুরে তাদের মধ্যে বচসা হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় কয়েকজন যুবক ওইস্থানে এসে মিঠুকে মারধর করতে থাকে।
এ সময় বাধা দিতে গেলে হৃদয় শেখকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করা হয়।

গুরুতর অবস্থায় হৃদয়কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বখাটে যুবক বলে জানা গেছে

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *