স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় সুমাইয়া আক্তার (২৫) নামে এক যুবতীকে গলাকেটে ও হাতে -পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে ওই নারীকে দুর্বৃত্তরা ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের চাপাতলা গ্রামের ঝিনুকদাহ মাঠে পটল খেতের ঘাসের মধ্যে হত্যা করে ফেলে যায়। সকাল ছয়টার দিকে স্থানীয় কৃষকদের মাধ্যমে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল আটটার দিকে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরন জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
নিহত নারী শার্শা উপজেলার লক্ষনপুর গ্রামের আইয়ুব হোসেনের স্ত্রী ও রেজাউল ইসলামের মেয়ে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান,ঝিকরগাছা থানার পানিসারা ইউনিয়নের চাপাতলা গ্রাম ঝিনুকদাহ মাঠে সকালে স্থানীয়রা কাজ করতে যায়। এ সময় দেখে পটল ক্ষেতের ঘাসের মধ্যে এক যুবতীর রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। সাথে সাথে আমাকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয় ।
মৃতদেহের গলার সামনে দিক হতে ডান কানের নিচ থেকে বাম কানের নিচ পর্যন্ত গলার অর্ধেক অংশ কাটা, ডান হাতের কব্জির উপরে গোলাকার আকারে রগ মাংস কাটা, বাম হাতে কব্জির ভিতর দিকে অনুমান আড়াই ইঞ্চি রক্তাক্ত কাটা জখম, পেটে দুইটি রক্তাক্ত জখমের চিহ্ন এবং কোমরের বাম পার্শ্বে দুইটি কাটা রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে প্রেমঘটিত কারণে ওই নারী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘাতকদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।