মণিরামপুরে বেকারিতে চাঁদাবাজি করতে গিয়ে দুই যুবক ধরা

নিউজটি শেয়ার লাইক দিন

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে বেকারির কারখানায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আব্দুল্লাহ আল মাহফুজ (২৫) ও  তরিকুল ইসলাম (২২) নামে দুই যুবক ধরা খেয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বিকালে মনিরামপুর উপজেলার সোহরাব মোড়ে কামাল হোসেনের ‘মায়ের দোয়া’ বেকারিতে চাঁদাবাজি করতে গেলে স্থানীয়রা তাদেরকে আটক করেন। করে উত্তম-মধ্যম দিয়ে  খেদাপাড়া ক্যাম্প পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এর আগেও আব্দুল আল মাহফুজ মাদকদ্রব্যসহ পুলিশের হাতে আটক হয়েছিল। সেই সময়ে যশোরের এক প্রবীণ বিশিষ্ট সাংবাদিকের তদবিরে পুলিশের হাত থেকে রেহাই পান। সেই সময় মাহফুজ নিজেকে জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি হিসেবে দাবি করেছিলেন।

আটক আব্দুল্লাহ আল মাহফুজ কেশবপুর ভাল্লুকঘর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলেও তরিকুল একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

 

স্থানীয়রা জানায়, আটক দুই যুবক বেসরকারি বিজয় টিভির বুম নিয়ে বেকারিতে ঢোকেন। সন্দেহ হলে আশপাশের লোকজন তাদের ধরে ফেলেন। পরে চ্যালেঞ্জ করলে তারা বিজয় টিভির পরিচয়পত্র দেখাতে পারেননি। এক পর্যায়ে মাহফুজের কাছে বন্ধ হয়ে যাওয়া জয়যাত্রা টিভির একটি কার্ড পাওয়া গেছে। অপরজন তরিকুল মোটরসাইকেল ভাড়ায় চালক বলে জানিয়েছেন।

মায়ের দোয়া বেকারির ম্যানেজার মাসুদ পারভেজ বলেন, ওই দুইজন মঙ্গলবার বিকালে বেকারিতে এসে মালামালের ছবি তোলেন ও ভিডিও করেন।বেকারির ছবি বিজয় টিভিতে ভাইরাল করাসহ ম্যাজিস্ট্রেট ডেকে এক লাখ টাকা জরিমানা করিয়ে দেয়ার হুমকি দেন তারা। এক পর্যায়ে আমাদের কাছে এক লাখ টাকা দাবি করেন। তখন সন্দেহ হওয়ায় আমরা তাদের আটকে পুলিশে সোপর্দ করি।

সোহরাব মোড়ের আলমগীর নামে এক বেকারি মালিক বলেন, কয়দিন আগে আমার বেকারিতে এসে নানা ত্রুটি ধরে ৫০০ টাকা নিয়েছে এই মাহফুজ।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সোমেন দাস বলেন, চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেন। কিন্তু তাদের মধ্যে কেউ সুনির্দিষ্ট অভিযোগ না করায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *