ডেস্ক নিউজ: ৩শ কোটি নিয়ে লাপাত্তা ‘চেতনা’শরিয়াভিত্তিক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২২ মার্চ) রাতে র্যাব-৪ এর একটি দল আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, ইকবাল হোসেন সরকার (৩৫), মাজহারুল ইসলাম (৩৫), মমিন হোসেন (৩৫), জাহাঙ্গীর আলম (৩৫), ইব্রাহিম খলিল (৩৫), এস এম মকবুল হোসেন (৪০), মিজানুর রহমান (৩৮), আল আমিন হোসেন (২৮), ফজলুল হক (৩৫) ও নুর হোসেন (২৭)।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।
তিনি বলেন, সম্প্রতি ঢাকার আশুলিয়া এলাকার শতাধিক ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগ করে যে, আশুলিয়ায় জামগড়া এলাকায় অবস্থিত চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান ২০০৮ থেকে চলতি বছর পর্যন্ত এক হাজারের মত গ্রাহকের প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যায়।
র্যাব বলছে, ইসলামী শরিয়াহ মোতাবেক উচ্চ মুনাফার আশা দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সঞ্চয়ী প্রকল্প, ডিপিএস, এফডিআর, পেনশন পলিসি, হজ্জ পলিসি, প্রজেক্ট, বাগান, ডেইরি ফার্ম ও ফ্ল্যাট দেখিয়ে গ্রাহকদের কাছে থেকে লাখ প্রতি মাসে টাকার পরিমাণ ও মেয়াদ অনুযায়ী ১ হাজার থেকে ৩ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখায়।
এ ঘটনায় প্রায় ১ হাজার গ্রাহক তাদের জমাকৃত টাকা ফেরত পেতে গত ১৯ মার্চ প্রতিষ্ঠানটির জামগড়া অফিসের সামনে মানববন্ধন করেন।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি ৩০ সদস্য বিশিষ্ট গভর্নিং বডি নিয়ে চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রতিষ্ঠা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর-১৯৩। প্রথমদিকে তারা স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের মানুষকে অধিক মুনাফায় সঞ্চয় ও ক্ষুদ্রঋণের প্রতি আকৃষ্ট করত। ধীরে ধীরে এই সংস্থা বড় পরিসরে কাজ শুরু করে। এক্ষেত্রে তাদের মূল টার্গেট ছিল আশুলিয়া ও সাভারের শিল্প এলাকার মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। তাদের অতি উচ্চ মুনাফা দেওয়ার আশ্বাসে কোম্পানিতে সঞ্চয়ী পলিসি, এফ ডি আর, ডিপিএস, পেনশন পলিসি, শিক্ষা পলিসি, হজ্ব পলিসি, রিয়েল এস্টেট ব্যবসায়ী পার্টনার পলিসিতে আকৃষ্ট করত।
ভিকটিমদের বিশ্বাস অর্জনের জন্য, সংস্থাটি গ্রাহকদের প্রথম দিকে কয়েক মাস চুক্তি অনুযায়ী লভ্যাংশ দিত। যা দেখে সাধারণ বিনিয়োগকারীরা আরও বেশি বিনিয়োগে আগ্রহী হত। অনেকে নিজের পেনশনের টাকা, গ্রামের ভিটেবাড়ি বিক্রি করা টাকা, বিদেশ থেকে কষ্ট করে অর্জিত অর্থ উক্ত সংস্থায় উচ্চ মুনাফা লাভের আশায় জমা রাখত। তবে পূর্ব পরিকল্পনা অনুসারে গত ১৬ মার্চ অফিস তালা দিয়ে লাপাত্তা হয়।
মোজাম্মেল হক বলে, অনুসন্ধানে জানা যায়, সংস্থার অংশীদারগণ বিভিন্ন জায়গায় নামে-বেনামে জায়গা-জমি কেনা, বহুতল ভবন নির্মাণ, বিভিন্ন ছোট বড় কারখানা করেছে এবং একই সঙ্গে বিভিন্ন সময়ে নামে-বেনামে বিভিন্নভাবে অর্থ বিদেশে পাচার করেছে।
কমিটির সহ-সভাপতি পলাতক মুহাম্মাদউল্লাহ আশুলিয়ার নরসিংহপুরে বসবাস করলেও তিনি মূলত ভোলার বাসিন্দা। তিনি ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেন। আশুলিয়াতে তার পাঁচতলা বাড়ি এবং একাধিক ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। গ্রেফতার ইকবাল হোসেন সরকার মুহাম্মাদউল্লাহর বন্ধু ও সমিতির সহ-সভাপতি।
এ প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে বেশ কিছু ব্যক্তির নাম পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে তাদের নাম-পরিচয় এবং প্রতারণায় কার কী ভূমিকা তা বেরিয়ে আসবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
সাভার উপজেলা সমবায় কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, গত বছরের জুন মাসে সর্বশেষ অডিট অনুযায়ী এই সমিতির ফান্ডে মাত্র ৬১ লাখ টাকা জমা ছিল।
প্রতারক চক্রের মাঠ পর্যায়ের কর্মী বা সদস্য রয়েছে। তারা ঢাকা জেলার আশুলিয়া, সাভার ও ধামরাই এলাকার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত, গার্মেন্টসকর্মী, রিক্সাচালক, ভ্যানচালক, অটোচালক, সবজি ব্যবসায়ী, ফল ব্যবসায়ীসহ নিম্ন আয়ের মানুষদের টার্গেট করে প্রতি লক্ষে ১ হাজার থেকে ৩ হাজার টাকা মাসিক লভ্যাংশ এবং স্বল্প সময়ে মাসিক মেয়াদ শেষে অধিক মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে তাদের কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী করত। ভিকটিমদের প্রলুব্ধ করতে তারা বিভিন্ন প্রজেক্ট, গাছের বাগান, ডেইরি ফার্ম, ফ্ল্যাট ও প্লটের প্রলোভন দেখিয়ে ভুলিয়ে নানান কৌশলে প্রতারক চক্রের অফিস কার্যালয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হতো। তারা ভিকটিমদের বুঝাত যে তাদের কাছে এফডিআর করলে লাখ টাকায় মাসে ১৮শ টাকা লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখানো হয়। যা প্রকৃতপক্ষে বাংলাদেশে কোনো আর্থিক প্রতিষ্ঠান দিতে পারে না।
ভূক্তভোগীদের কাছ থেকে টাকা সংগ্রহ
কোম্পানির সদস্যরা মাসিক বা পাক্ষিকভিত্তিতে ভুক্তভোগীদের কাছ থেকে ডিপিএস এর টাকা সংগ্রহ করত। বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হতো, তারা যদি সময়মত ডিপিএস এর টাকা না পরিশোধ করে তাহলে মেয়াদ শেষে তারা মুনাফা কম পাবে এবং নিয়মিত টাকা না দিলে জরিমানাও করা হতো। এমনকি করোনাকালীন সময়েও খেয়ে না খেয়ে কষ্ট করে সমিতিতে নিয়মিত টাকা দিয়েছে কিন্তু কোন লভ্যাংশ পায়নি।
মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তারা ইসলামী শরিয়াহ মোতাবেক তাদের প্রতিষ্ঠান পরিচালনা করে মর্মে প্রচারণা চালাত যদিও তাদের কোন বিধি মোতাবেক ইসলামী শরিয়াহ বোর্ড ছিল না। প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা সমিতির নামে রেজিস্ট্রেশনের কথা থাকলেও তা মূলত পলাতক সভাপতি মুহাম্মাদউল্লাহ, জনৈক তাজুল ইসলাম এবং জনৈক অজ্ঞাত নামে রেজিস্ট্রেশন করা হয়েছিল। জানা গেছে এটি ইতোমধ্যে বিক্রি করা হয়েছে।
২০ হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দের লোভনীয় অফার আশুলিয়া থানাধীন গণবিশ্ববিদ্যালয়ের নিকট ঘোড়াপীর প্রকল্পে অনেক জমি রয়েছে বলা হলেও সেখানে তাদের ব্যক্তি নামে মাত্র ১০ শতাংশ জমি রয়েছে। যা ইতোমধ্যে বিক্রি করা হয়েছে।
‘চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ কোম্পানিতে বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা আরও তিন নামসর্বস্ব কোম্পানি চালু করে। চেতনা পরিবার, চেতনা গার্ডেনিয়া (রিয়েল এস্টেট ব্যবসা) ও চেতনা পরিবার কল্যাণ ফাউন্ডেশন। যদিও এই তিন কোম্পানির অস্তিত্ব পাওয়া যায়নি। সমিতির ব্যাংক হিসাবে টাকা জমা হওয়ার সঙ্গে সঙ্গে তা উত্তোলন করে অন্যত্র নিজেদের নামে টাকা স্থানান্তরসহ জমি বা ফ্ল্যাট কিনে টাকা লেয়ারিং করত চক্রের সদস্যরা।