বঙ্গবন্ধুর সমাধিতে বিজিবির নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজিবি বাহিনীকে সৃষ্টি করেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাহিনীকে নবজীবন দান করেছেন।

শনিবার (৫ মার্চ) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

বিজিবি মহাপরিচালক বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে এই বাহিনীর দুইজন বীরশ্রেষ্ঠসহ ৮০৭ জন সদস্য শহীদ হয়েছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাসহ দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। এ সময় বিজিবির একটি চৌকস দল নবনিযুক্ত মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন বিজিবি মহাপরিচালক।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মৎ নাজমুন নাহার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *