স্টাফ রিপোর্টার: যশোরে এক ডজন মামলার আসামি সন্ত্রাসী ইয়াসিন আরাফাত ওরফে হুজুরে ইয়াসিন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রুবেল ও রানা নামে দুই সন্ত্রাসী আটক হয়েছে।
আটক রুবেল ও রানা শহরের শংকরপুর এলাকার তোরাব আলীর ছেলে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে খুলনা শিরোমনি থেকে তাদের আটক করে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, ইয়াসিন হত্যাকাণ্ডের ঘটনার পরপরই জড়িতদের আটকের জন্য অভিযানে নামে যশোরের পুলিশ সদস্যরা। এক পর্যায়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সন্দেহভাজন খুনি রুবেল ও রানা খুলনার শিরোমনির লিন্ডা প্রাইভেট হাসপাতালে অবস্থান করছে। যশোর গোয়েন্দা ডিবি পুলিশের চৌকস অফিসার এসআই মফিজুল ইসলামের সমন্বয়ে একটি টিম সেখানে পাঠানো হয়। গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে তারা আসামিদের আটক করা হয়। সেখান থেকে যশোরে নিয়ে এসে তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।