স্টাফ রিপোর্টার: যশোরের মনিরামপুরে হানিফ পরিবহনের ( মেট্রো-গ-১৪-৭৯২৭) একটি বাসে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার রাত সাড়ে নটার দিকে জেলার মনিরামপুর উপজেলার পরিবহন বাস স্ট্যান্ডার্ড অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে এসব মাদকদ্রব্য পাচার সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, আমি এ ব্যাটেলিয়ানে যোগদানের পর থেকে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছি। যে কারণে প্রতিনিয়ত চোরাচালানী মালামাল জব্দ ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে। গতকাল নিজস্ব গোয়েন্দা সংবাদের মাধ্যমে জানতে পারি সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি হানিফ পরিবহনের বাসে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট রয়েছে।
এসময়ে ব্যাটালিয়ন সদরে কর্মরত সুবেদার মেজর মোঃ জামিরুল হক চৌধুরীরের নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী টিমকে সেখানে অভিযানে পাঠানো হয়। অভিযানিক দলটি মনিরামপুর বাসস্ট্যান্ডে ঢাকা মেট্রো-গ-১৪-৭৯২৭ নাম্বারে বাসটিতে অভিযান চালিয়ে যাত্রীবিহীন একটি সীটের নিচে লুকায়িত ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় মনিরামপুর থানা অজ্ঞাত নামে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।