অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে রবিউল ইসলাম নামে এক প্রতিবন্ধীর বাসা থেকে শটগান ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের রবিউল ইসলাম ভুইয়ার নিজ বাড়ির পরিতক্ত কবুতরের ঘর থেকে এ শটগান ও গুলি উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ।
রবিউল ইসলাম শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের কুদ্দুস ভুইয়ার ছেলে। সে নিজের শারীরিক প্রতিবন্ধী।
রবিউল ইসলাম ভুইয়া বলেন, আমি জন্ম থেকেই একজন শারীরিক প্রতিবন্ধী। ঠিকমত চলাচল করতে পারিনা। বুধবার দুপুরে একটি কবুতর কিনে আমার গোয়াল ঘরের পাশে পরিত্যক্ত কবুতরের ঘরে রাখতে গেলে একটি ব্যাগ দেখতে পাই। পরে ব্যাগ খুলে দেখি একটি বন্দুক জাতীয় অস্ত্র ও গুলি রয়েছে। বিষয়টি পাশের পুলিশ ফাঁড়িতে জানালে সাথে সাথে পুলিশ সদস্যরা এসে অস্ত্র গুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা রেখেছে সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেন না বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে অভয়নগর থানার অফিস ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, যে বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেই বাড়ির কর্তা একজন প্রতিবন্ধী। সে বুধবার দুপুরে বাজার থেকে এক জোড়া কবুতর কিনে পোষার জন্য বাড়িতে নিয়ে যায়। এরপর দীর্ঘদিন পড়ে থাকা পরিতক্ত কবুতরের ঘর সংস্কার করতে গিয়ে শর্ট গানটি দেখতে পায়। সাথে সাথে রানাগাতী পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ সদস্যরা গিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে নিয়ে আসে। তবে ধারণা করা হচ্ছে নির্বাচনে সহিংসতা ছড়ানোর জন্য দুষ্কৃতকারীরা অস্ত্র নিয়ে এসেছিল। নির্বাচনের পূর্বে ও পরে পুলিশের অভিযান অব্যাহত থাকায় দুষ্কৃতকারীরা নিরাপদ জায়গা ভেবে অস্ত্র-গুলি এখানে রেখে গেছে বলে তিনি জানান।