শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় একটি ইটের ভাটার ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ওয়ালিদ হাসান নামে এক শিশু স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর উপজেলার জাহাঙ্গীর বকুলতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ওয়ালিদ চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের হবিবর রহমানের ছেলে। সে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
নিহতের মামা আনোয়ার হোসেন জানান, জাহাঙ্গীরপুর বাজার থেকে মুরগি কিনে ওয়ালিদ বাইসাইকেলে বাড়ি ফিরছিল। বকুলতলা মোড়ে পৌঁছুলে ইটবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। রাস্তার ওপরে পড়ে গেলে ট্রাকের চাকায় সে পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আনজুমান সাদিয়া শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শার্শা থানার অফিস ইনচার্জ বদরুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে কৌশলে ট্রাকের চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।