আজারবাইজানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা নিহত ১২,আহত ৪০

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বিরতির তোয়াক্কা না করে ফের আর্মেনীয় বাহিনী আজারবাইজানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় চালানো এই হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০ জন।আজারবাইজান সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমকে।শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে গানজা শহরের কেন্দ্রস্থলে চালানো এ হামলায় ২০টির মতো ঘরবাড়ি বিধ্বস্ত হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার তীব্র নিন্দা জানিয়ে আজেরি প্রেসিডেন্টের সহকারী ও পররাষ্ট্র বিভাগের প্রধান হিকমাত হাজিয়েভ বলেন, গানজায় আরেক দফাসহ আজেরি বেসামরিক নাগরিকদের ওপর আর্মেনিয়ার কাপুরুষোচিত ও নৃশংস হামলায় প্রমাণ করে তারা রাষ্ট্রীয়ভাবে গণহত্যার নীতি ধারণ করে। আর্মেনিয়াকে জবাবদিহির আওতায় আনা উচিত।
এর আগে চলতি মাসের শুরুর দিকে গানজা শহরে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জনের বেশি আজেরি বেসামরিক লোক নিহত হয়। আহত হয় ২০ জনের মতো। শহরটিতে ৩ লাখ ৩০ হাজার বাসিন্দা রয়েছে।
আর্মেনিয়া ও আজারবাইজান উভয় দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তারা দুটি স্বাধীন দেশে পরিণত হয়। প্রায় চার দশক ধরে নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ দু’টির মধ্যে বিরোধ চলছে।নাগরনো-কারাবাখ অঞ্চলকে আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও এটি এখনও আর্মেনীয় নৃগোষ্ঠীর দখলে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *