স্টাফ রিপোর্টার: যশোর জেনারেল হাসপাতালে নার্সের দায়িত্ব অবহেলায় এক রোগীর মৃত্যুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে আমিরন নেছা (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়। হাসপাতালে রোগীর স্বজনরা এই অভিযোগ করেন। ওই নারী বেনাপোলের গাজীপুর এলাকার আশরাফ আলীর স্ত্রী। রোগীর ছেলে মতিয়ার রহমান অভিযোগ করে বলেন, ‘গত ১৩ অক্টোবর রাতে আমার মাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে ডায়রিয়া ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে বুধবার দিবাগত রাতে শারমিন নামে এক নার্স ডিউটিতে ছিল। মায়ের অবস্থা খারাপ হওয়ায় আমি ওই নার্সকে ডাকলে তিন আমার সাথে রাতে খারাপ ব্যবহার করেন। বলেন, ‘তুই যদি আমার আর একবার ডাকিস তাহলে তোকে ওয়ার্ড থেকে বের করে দেবো।’ তিনি আরো অভিযোগ করেন, ‘আমার মাকে রাতে প্রেসারের ওষুধ দিয়েছে। ওই ওষুধ সকালেও দিয়েছে। যার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে।’ ‘সকালে ডিউটিরত এক সেবিকা বলেছে, আমার মাকে প্রেসারের ওষুধ দুইবার রাতে ও সকালে খাওয়ানোর কারণে তার মৃত্যু হয়েছে।’
হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ওবাইদুল কাদির উজ্জ্বল বলেন, আমিরুন নেসা নামে ওই রোগী দুই দিন আগে ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতলে ভর্তি হয়েছিল। পরে পরীক্ষা করে জানা যায়, তার কিডনির সমস্যা আছে। সে অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছিল। তবে নার্সের দায়িত্ব অবহেলা ব্যাপারে কেউ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করলে তিনি সেটা দেখবেন বলে তিনি জানান।