ঠিকাদারের কাছে চাঁদা দাবিও মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা আটক

নিউজটি শেয়ার লাইক দিন

পাবনা সংবাদদাতা: ঠিকাদারের কাছে চাঁদা দাবিও মারধর করায় পাবনায় হাসিবুল খান ছানা নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সে পাবনার সাথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শনিবার (২৯ আগস্ট) বিকেলে সাথিয়া থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার বেলা ৩টার দিকে সাথিয়া বাইপাস সড়কে কাজ করছিলেন কিছু শ্রমিক। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা তার দলবল নিয়ে শ্রমিকদের বেধড়ক মারপিট করেন। এসময় শ্রমিকরা দিগ্বিদিক ছুটাছুটি করে পালিয়ে যায়। ১০ লাখ টাকা না দিলে কাজ করতে পারবেন না বলেও এসময় গালিগালাজ করতে থাকেন ওই ছাত্রলীগ নেতা। পরে কয়েকজন শ্রমিক পাশে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসানকে অবহিত করলে তিনি ৯৯৯ এ ফোন দেয়ার পরামর্শ দেন। পরে তারা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড সাথিয়া বাইপাস সড়ক নির্মাণ করছেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা বেশ কিছুদিন ধরে ওই ঠিকাদারের কাজ বন্ধ করে দেয়াসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজে বাধা দিচ্ছিলেন। এরই জেরে শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমারকে ব্যাপক মারপিট করেন তিনি। পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে।

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসানের বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে থেকেই ছানার চলাচল ভালো না তার বিরুদ্ধে এর আগেও এ ধরনের অনেক অভিযোগ এসেছে। বিষয়টা নিয়ে দলের নেতাদের সাথে আলোচনা করা হবে। তার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *