নিজস্ব প্রতিবেদক: বেনাপোলের ২০ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী আশানুর মোল্লা (৩৬) ৫ হাজার পিস ইয়াবা পাচারের সময়ে সহযোগী রাজিব ভূইয়া (২৫)সহ গ্রেফতার হয়েছে।
সহযোগী রাজিবের বিরুদ্ধেও ৭টা মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আশানুর মোল্লা বেনাপোল গয়ড়া গ্রামের মৃত- আলতাব মোল্লার ছেলে ও রাজিব ভূইয়া বেনাপোল কলেজপাড়া এলাকার আলমগীর ভূইয়ার ছেলে।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের সমন্বয়ে একটা টিম যশোরের হাসিমপুর বাজার ইসলামী ব্যাংকের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য অনুমান ১৫ লাখ টাকা।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গ্রেপ্তারকৃতরা বেনাপোলের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়। তাদের মধ্যে আসানুরের বিরুদ্ধে ২০টি ও রাজিবের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে যশোরের হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে আরও একটা মামলা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হবে।