তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক:যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ আবারও বাংলাদেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং এর নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।
এছাড়াও প্রকাশিত তালিকায় ১০০১ থেকে ১২০০-এর মধ্যে অবস্থান করে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম স্থান অর্জন করেছে যবিপ্রবি।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; এটি যবিপ্রবি পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবি আরও ভালো অবস্থানে উঠে আসুক। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমি আশা করি, বিশ্ববিদ্যালয় পরিবারকে এগিয়ে নিতে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারব।
যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, এই অর্জন যবিপ্রবির একাডেমিক ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষের প্রতিফলন এ সাফল্য। ভবিষ্যতে গবেষণার পরিধি আরও বিস্তৃত করা, নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবির অবস্থান আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব।
র্যাঙ্কিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। পাশাপাশি সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সাফল্য আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও আর্থিক ব্যবস্থাপনায় আরও দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করে যবিপ্রবিকে এগিয়ে নিতে আমরা কাজ করব।
মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে পাঠদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুররুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং করে থাকে।