স্টাফ রিপোর্টার: যশোর: যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জসীম উদ্দীন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জুন) রাত সাড়ে আটটার দিকে শহরের কোল্ড স্টোরের পিছনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জসীমউদ্দীন মণিরামপুর উপজেলার আকবা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে নাজির শংকরপুর কোল্ডস্টোর মোড়ে এক মোটরসাইকেলে তিনজন যুবক এসে জসিমের কোমরেও ডান পায়ে ছুরিকাঘাত করেন। এরপর তারা জসিমের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে চলে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জসিমকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জসিমের বন্ধু তরিকুল ইসলাম বলেন, ‘জসিম মাছের আড়তে ম্যানেজারি করে। আমাদের জানা মতে তার সঙ্গে কারও কোন শত্রুতা নেই। ব্যবসায় সংক্রান্ত লেনদেনে কারও সঙ্গে কোন বিবাদ আছে কি-না তা আমার জানা নেই।’
যশোর জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্রা মল্লিক বলেন, গতকাল রাত ৯টার দিকে ‘ছুরিকাঘাতে আহত জসিম নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডান পায়ে একটি স্টেপ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধাঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে।অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ‘হত্যা ঘটনার পরপর পুলিশের একাধিক টিম তদন্ত করছে। অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে। সনাক্ত করা গেলে তাদের আটক করতে সক্ষম হবে পুলিশ।