বন্দরের ৭টি ক্রেনের ৬টিই অকেজো, ব্যাহত হচ্ছে পণ্য ওঠা-নামায়

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: দেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। এ বন্দরে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ ট্রাক পণ্য ওঠানো-নামানোর কাজ হয়। আর বন্দরে পণ্য ওঠা নামানোর কাজে ব্যবহৃত ৭টি ক্রেনের ৬টিই অকেজো রয়েছে দীর্ঘদিন ধরে।

আমদানিকৃত পণ্যের মধ্যে বড় অংশ দেশের শিল্পকারখানা স্থাপনের যন্ত্রাংশ, রেল-বিদ্যুৎ প্রকল্প ও সেতু, কালভার্ট নির্মাণের উপাদান ও কাঁচামাল। এসব মালামালের ভ্যাট ট্যাক্স থেকে দেশের বাজেটের সিংহভাগ আসে। এই বিপুল পরিমাণের মালামাল ওঠানো-নামার জন্য প্রয়োজন হয় বিপুল সংখ্যক ক্রেন ও ফর্ক ক্লিপ। কিন্তু প্রয়োজনের তুলনায় যা আছে তা অতি নগণ্য। বন্দরের এ বিপুল পরিমাণে মালামাল ওঠানো নামানোর জন্য আছে গ্রেট বেঙ্গল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ৭টি ক্রেন থাকলেও দীর্ঘদিন ধরে ৬টিই অকেজো রয়েছে। ফলে বন্দরে পণ্য ওঠা- নামানো ব্যাহত হচ্ছে। এ ছাড়ো ঠিকাদারি প্রতিষ্ঠানটির  রয়েছে ৮টি ফর্ক ক্লিপ। এ ফর্ক ক্লিপের মধ্যেও রয়েছে ৩টি অকেজো। কর্তৃপক্ষের উদাসীনতাকেই দাবি করছে ব্যবসায়ীরা।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/06/5262023171327.jpg

পণ্য পরিবহনকারী একাধিক সংস্থার সাথে কথা বলে জানা গেছে ‘বন্দরে ক্রেন, ফর্ক ক্লিপ নষ্ট থাকায় সঠিক সময়ে পন্য লোড করা যায় না। এর ফলে নির্ধারিত সময়ে বন্দর থেকে পণ্য নিয়ে কেউ সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনা।

নাম প্রকাশ না করার স্বার্থে একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল এক যুগের বেশি সময় ধরে এ বন্দরের দায়িত্ব পালন করছেন। তার কুটকৌশালের কাছে কোন বন্দর পরিচালক এখানে এক বছরের অধিক সময় থাকতে পারে না। বন্দরের ব্যবসায়ীদের সুবিধা ও অসুবিধা নিয়ে তার কোন মাথা ব্যাথা নেই। কোন অফিসারকে কোন সেডে দায়িত্ব দিবেন এবং তা থেকে তিনি নিজে বাড়তি অর্থনৈতিক  সুবিধা পাবেন এ নিয়ে ব্যতিব্যস্ত থাকেন এ কর্মকর্তা।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাজেদুর রহমান বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানটির অধিকাংশ যন্ত্রপাতি পুরোনো সেকেলের। যেগুলোর বেশির ভাগ সময়ে নষ্ট হয়ে পড়ে থাকে। ব্যবসায়ীদের দাবি ও বন্দর কর্তৃপক্ষের পীড়াপিড়ির কারণে মাঝেমধ্যে সেগুলো মেরামত করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেগুলো আবার নষ্ট হয়ে যায়। ফলে সঠিক সময়ে বন্দর থেকে মাল লোড না হওয়ায় বন্দরে ইয়ার্ডে পড়ে থাকা প্রায় দেড় লাখ মেট্রিক টন পণ্যের বন্দর ভাড়া বাবদ ব্যবসায়ীদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/06/5262023171250.jpg

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, বন্দরে আমদানি করা পণ্য ওঠা-নামানোর কাজে ব্যবহৃত বেশির ভাগ যন্ত্রপাত দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। এসব যন্ত্রপাতি কর্তৃপক্ষের মেরামতের উদ্যোগ নেই। এমনকি বন্দর পরিচালক অজ্ঞাত কারণে এগুলো নিয়ে মাথা ঘামায় না। মালামাল খালাসের অপেক্ষায় শত শত ভারতীয় ট্রাক মালামাল নিয়ে বন্দরের ভিতরে ও বাইরের রাস্তায় সারিবদ্ধ ভাবে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এর ফলে বন্দর এলাকায় প্রতিদিন যানজট তৈরি হয়ে মানুষ চরম ভোগান্তির শিকার হয়।

এ বিষয়ে জানতে চাইলে গ্রেড বেঙ্গল এন্টারপ্রাইজের মেকানিক বাদশা মিয়া বলেন, দুই বছর আগে বন্দরের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি হয় প্রতিমাসে  ৫০ হাজার মেট্রিক টন পণ্য খালাসের। কিন্তু গত মাসে তাদের খালাস করতে হয়েছে ৯২ হাজার মেট্রিক টন পণ্য। অতিরিক্ত চাপ নেওয়ায় ক্রেন, ফর্ক ক্লিপের যন্ত্রাংশ বারবার অকেজো হচ্ছে। টেন্ডারের শর্ত সংশোধন না করলে অতিরিক্ত ক্রেন, ফর্ক ক্লিপ সংযুক্ত করা সম্ভব হচ্ছে না। তাছাড়া নষ্ট হয়ে পড়ে থাকা ক্রেন, ফর্ক ক্লিপের যন্ত্রাংশ জরুরিভিত্তিতে সংগ্রহ করতে না পারায় মেরামত করা সম্ভব হচ্ছে না। এতে পণ্য খালাসে বিঘ্ন ঘটছে।

জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঠিকাদারী প্রতিষ্ঠানকে দফায় দফায় যন্ত্রপাতি মেরামতের নির্দেশনা দেয়া হয়েছে। তারা জানিয়েছে তাদের নষ্ট হওয়া যন্ত্রপাতিগুলো দ্রুত মেরামত করবে। সংশ্লিষ্ট ঠিকাদারকে এ বিষয়ে কোন চিঠি দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি তার ফোনের সংযোগটি সাথে সাথে বিচ্ছিন্ন করে দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *