: তীব্র শীত উপেক্ষা ও পাঁচ শতাধিক পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে জনপ্রিয় ও আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ ও মাহফিল। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই মাহফিলে এক ঘণ্টা বক্তব্য দেন ড. মিজানুর রহমান আজহারী। সাহেবরামপুর কেন্দ্রীয় মসজিদ কমিটি ও বাজার ইসলামি যুব ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র জানায়, আজহারীর ওয়াজ শুনতে শিশু থেকে শুরু করে লক্ষাধিক নারী-পুরুষের সমাগম ঘটে। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, আগৈলঝাড়া, গৌরনদী, মাদারীপুর, শিবচর, রাজৈর ও গোপালগঞ্জসহ বেশ কয়েকটি জেলা-উপজেলা থেকে এসে লোকজন তার মাহফিলে অংশগ্রহণ করেন।
সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিমের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার, সাহেবরামপুর সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জামাল ও কালকিনি থানার ওসি নাসিরউদ্দিন মৃধা প্রমুখ।