বেনাপোল সংবাদদাতা: বেনাপোল কাস্টম হাউসের শুল্ক গুদামে থাকা নিলামের অযোগ্য প্রায় ৫০ মেট্রিক টন বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ সোমবার দুপুরে বেনাপোলের খড়িডাঙ্গা ইট ভাটা ও বেনাপোল পৌরসভার আমড়াখালি নামক পৃথক ২টি স্থানের ফাঁকা মাঠে এসব মালামাল পুড়িয়ে ধ্বংস করে। ধ্বংস করা পণ্যগুলো হলো ৬ মেট্রিক টন বিভিন্ন প্রকার আতসবাজি, মাদক দ্রব্য, সিগারেট, ওষুধ, প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন প্রকার পণ্য।
ধ্বংসযোগ্য পণ্য বিনষ্টকরণ কমিটির আহবায়ক অতিরিক্ত কাস্টমস কমিশনার ড. মো: নেয়ামুল ইসলামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব কাস্টমসের উপ কমিশনার বিল্লাল হোসেন, সদস্য শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, নাভারন সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ জুয়েল ইমরান, বেনাপোল স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম, পৌর সভার সহকারি প্রকৌশলী আবু সাঈদ খান, ফায়ার সার্ভিসের ইনচার্জ তৌহিদুর রহমান, যশোর পরিবেশ অদিদপ্তরের পরিদর্শক শরিফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম, বেনাপোল বিজিবি‘র হাবিলদার সাহেব আলীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার এস এম শামীমুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসারে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুল্ক গোডাউনে থাকা নিলাম অযোগ্য এসব মালামাল ফাঁকা মাঠে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব মালামাল দীর্ঘদিন শুল্ক গোডাউনে থেকে জঞ্জালে প্রণীত হয়েছিল। যে কারণে এসব মালামাল ধ্বংস করা হয়। তাছাড়া নতুন করে সিজার হওয়া মালামাল শুল্ক-গোডাউনে রাখার জায়গা ছিল না। এসব পরিত্যক্ত মালামাল পুড়িয়ে ফেলার ফলে এখন আর জায়গার সংকট হবে না বলে তিনি জানান।শুল্ক