স্টাফ রিপোর্টার:২০২০ সালের বিশ্ব ইজমতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমপর্ব ১০, ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে, এতে তত্বাবধান করবেন আলেম-উলামারা। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি, এতে অংশ নেবে ভারতের বিতর্কিত মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকে তাবলিগের মুরব্বিদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটা জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বৈঠকে সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও অন্যরা।
কাকরাইল মারকাজের মুরব্বি মাওলানা জোবায়ের আহমদের নেতৃত্বে এই বৈঠকে আলেমদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুফতি রুহুল আমীন, মুফতি নুরুল আমীন, মাওলানা মাহফুজুল হক, প্রকৌশলী মাহফুজুর রহমান, হাজি সেলিম।
মাওলানা সাদ অনুসারীদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মুফতি ইজহার, মাওলানা মোশাররফ হোসাইন ও মাওলানা আশরাফ আলী প্রমুখ।বৈঠকে সিদ্ধান্ত হয় ভারতের নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি ইজতেমায় অংশ গ্রহণ করতে পারবেন না। আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা ও তার বহুল বিতর্কিত বক্তব্যের কারণেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে না বৈঠক সূত্রে জানা গেছে।ইজতেমার আগে তিন চিল্লার সাথীদের বিশেষ ‘জোড় ইজতেমা’ এবার হবে না বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। বিশ্ব ইজতেমা দুই পর্বে হলেও মাঠে প্রস্তুতের কাজ করবেন আলেম-উলামা ও আলমি শুরার অনুসারীরা।
১৯৬৭ সাল থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে প্রতিবছর নিয়মতান্ত্রিকভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২০ সালের ইজতিমাটি হবে ৫৫তম বিশ্ব ইজতেমা। ঈমান-আমল ও মননশীলতার চর্চার পাশাপাশি বিশ্ব ইজতেমা বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে পরিচিত করে তুলে এবং অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখে।