নিজস্ব প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারন খাদ্যগুদামের ইনচার্জ আখতারুজ্জামানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। খাদ্য গুদাম ইনচার্জ নিয়ম-নীতির তোয়াক্কা না করে গোডাউনের চাল চুরি ও গুদামের ১৫ হাজার বস্তা বিক্রি করে পকেটস্থ করেছেন। তাছাড়া এ কর্মকর্তা দালালদের মাধ্যমে ধান-চাল সংগ্রহ করেন ঘুষ গ্রহণের মাধ্যমে। এছাড়াও মিলাদের কাছ থেকে কৌশলে ঘুষ গ্রহণ করেন।
সম্প্রতি সময়ে খাদ্য গুদামে সংরক্ষিত প্রায় ১৫ হাজার বস্তা গোপনে বিক্রি করে পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠলে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। বস্তাগুলোর বাজার দর প্রায় ১০ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা খাদ্য কর্মকর্তা আক্তারুজ্জামান রোববার (৭ নভেম্বর) বদলি হওয়ায় নতুন খাদ্য কর্মকর্তা রবিউল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তরকালে এ আত্মসাতের ঘটনা প্রকাশ হয়।
নতুন ধান কেনার জন্য জেলা খাদ্য গুদাম থেকে নতুন বস্তা দেওয়া হয়। এর মধ্যে ৩০ কেজি চালের ১২ হাজার ৬০০ ও ৫০ কেজি চালের ২ হাজার ১৭০টি সহ মোট ১৪ হাজার ৭৭০টি নতুন খালি বস্তা বাইরের লোকের কাছে বিক্রি করে দেন আগের খাদ্য কর্মকর্তা আক্তারুজ্জামান। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।
দায়িত্বপ্রাপ্ত নতুন খাদ্য কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি দায়িত্ব নেওয়ার সময় প্রায় ১৫ হাজার নতুন বস্তা কম পেয়েছি। বিষয়টি জেলা খাদ্য কর্মকর্তাকে অবহিত করেছি।
নাভারনের একাধিক সূত্রগুলো জানায়, আখতারুজ্জামান খুব ধূর্ত কর্মকর্তা। তিনি দীর্ঘদিন নাভারণ খাদ্যগুদামে থাকাকালীন সময়ে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় না করে টাকার বিনিময় দালাল ও ধান চালের আড়ত ও ফড়িয়াদের কাছ থেকে ধান চাল ক্রয় করেন। যে কারণে এলাকার চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া তিনি গোডাউন সংলগ্ন একটি চাল চক্র সিন্ডিকেটর সাথে যুক্ত থেকে রাতের আধারে গোডাউনের চাল বিক্রি করে করেছেন। উর্দ্ধতন কর্মকর্তা বিষয়টি তদন্ত করলেই পাওয়া যাবে বলে জানান সূত্রগুলো।
বিষয়টি নিয়ে অভিযুক্ত খাদ্য কর্মকর্তা আক্তারুজ্জামানের মুঠোফোনে সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে যশোর জেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আখতারুজ্জামানের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।