নিজস্ব প্রতিবেদক, যশোর: সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় জমি দখল, পারিবারিক সম্পদ ভোগদখল, অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলা দায়েরের বিষয়টি প্রকাশ পায় যশোর চৌগাছা পৌর বিএনপির নির্বাহী সদস্য আতিকুর রহমান লেন্টু ও তার পরিবারের বিরুদ্ধে।
তবে পত্রিকায় প্রকাশিত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন চৌগাছা পৌর বিএনপির নির্বাহী এ সদস্য। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন হাট-বাজার ও নিয়ন্ত্রণ করে আসছিল।
মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের প্রতিবাদ জানান এবং চলমান বিরোধ ও মামলার বিষয়ে প্রশাসনের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে আতিকুর রহমান লেন্টু বলেন, তার বিরুদ্ধে জমি দখল, পারিবারিক সম্পদ ভোগদখল, অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলা দায়েরের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পারিবারিক সম্পদ নিয়ে তার পিতার উত্থাপিত অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট অর্থ-সম্পদ ফেরত দেওয়ার কথাও জানান তিনি।
সার আটকের বিষয়ে তিনি বলেন, প্রশাসন বিভিন্ন সময়ে যে সার আটক করেছে, সেগুলোর কোনোটিই তার নয়। আটক সার অন্য একজনের বলে দাবি করে এ বিষয়ে কৃষি অফিসের কাছে প্রমাণ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তার বিরুদ্ধে সার সিন্ডিকেট ও অবৈধভাবে সার বিক্রির অভিযোগও অস্বীকার করেন।
চৌগাছা মডেল মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে আতিকুর রহমান লেন্টু বলেন, মসজিদ নির্মাণ বন্ধ করার জন্য নয়, বরং নির্ধারিত ৬৮১ নম্বর দাগের পরিবর্তে একই মালিকানাধীন ৬৫৩ নম্বর দাগে মসজিদ নির্মাণের বিষয়ে উচ্চ আদালতে মামলা করা হয়েছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন হাটের ইজারা ও পারিবারিক সম্পদ নিয়ে বিরোধের জেরে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ও মামলা করা হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি তার ও পরিবারের বিরুদ্ধে চলমান মামলাসহ সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত পাওনা অর্থ-সম্পদ ফেরত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।