যশোরে জাবির হোটেলে অগ্নিসংযোগে নিহতের সংখ্যা বেড়ে ২৪

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল ‘জাবির ইন্টারন্যাশনালে’ অগ্নিসংযোগের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে  দাঁড়িয়েছে ২৪ জনে।

মঙ্গলবার (৬ই আগস্ট) যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এএম মামুনুর রশিদ জানান, জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

যশোর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, ‘জাবির হোটেলে অগ্নিদগ্ধ হয়ে এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ হাসপাতালের মর্গে আনে ফায়ার সার্ভিসের টিম। আহত হয়েছে দেড়শ জনের মতো। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক।’

এদিকে সোমবার শেখ হাসিনার দেশ ছাড়ার পর বিক্ষুব্ধ জনতা শাহীন চাকলাদারের হোটেল ছাড়াও তার শহরের কাজীপাড়া কাঠালতলাস্থ বাসভবন, কাজীপাড়াতে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসা, জেলা আওয়ামী লীগের কার্যালয়, শেখ রাসেলের ভাস্কর্যসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর করে।

যশোরে ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান বলেন, আমাদের শিক্ষার্থীরা কোন ধরনের সহিংসতার সাথে জড়িত নয়। কিছু বিক্ষুব্ধ জনতা এ কাজ করে থাকতে পারে। আমরা সব শ্রেণীর মানুষকে মাইকে বারবার এ ধরনের সহিংসতা পরিহার করার জন্য অনুরোধ করেছে। তাই এ ধরনের কোন ঘটনা ঘটলে কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তার দায়ভার গ্রহণ করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *