নিজস্ব প্রতিনিধি: যশোরে ২০২১ সালের বিদায়ী বছরে বেশকিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এরমধ্যে চাঞ্চল্যকর ১১ খুন যশোরবাসীর মনে স্মরণীয় হয়ে থাকবে।
এ হত্যাকাণ্ডের মধ্যে ৭ টির যশোরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। তবে তিনটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের পক্ষ থেকে।
বিদায়ী বছরে কলেজ ছাত্র, স্কুল ছাত্র, ইজিবাইক চালক, দোকানী ও রাজনৈতিক ঘরানার যুবক মিলিয়ে যশোর সদর উপজেলা এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডুলো ঘটেছে।
এসব হত্যাকান্ডর ৭ টির তদন্ত কার্যক্রম ছিল আশাব্যঞ্জক। মামলাগুলোর মধ্যে বেশিরভাগের অগ্রগতি হয়েছে। রহস্য উন্মোচিত করতে পেরেছে আইনপ্রয়োগকারী সংস্থা। আসামি আটকও হয়েছে।
উল্লেখ্য, (১) গত ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টায় যশোরের পুরাতনকসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এমএম কলেজের পুরাতন ছাত্রাবাসের বিপরীতে কাজীপাড়ার মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে কোরবান আলী পচাকে কুপিয়ে হত্যা করা হয়। চাঁদাবাজি সংক্রান্ত দ্বন্দ্বের জেরধরে এ হত্যাকান্ড ঘটে। এ ঘটনায় খোলাডাঙ্গার সিরাজুল ইসলাম চুন্টুর ছেলে হত্যাকান্ড ঘটনার নায়ক রোকন হাসান রনিকে (২৮) বগুড়া থেকে আটক করে যশোর জেলা গোয়েন্দা শাখা। একই সাথে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার হয়। এরপর পুলিশ ১টি পালসার মটরসাইকেলসহ খোলাডাঙ্গার জনো বিশ্বাসের ছেলে রিচার্ড বিশ্বাসকে (৩৪) আটক করে। রিচার্ড বিশ্বাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনায় জড়িত অন্যান্য আসামি পলাতক থাকে।
(২) গত ৯ মার্চ রাতে যশোরের খোলাডাঙ্গায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন হন সুতীঘাটা কামালপুরের বাচ্চু গাজী (৩৫)। খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। যাত্রী সেজে রিকসা ভাড়ায় নিয়ে চালককে হত্যা চেষ্টার সময় উল্টো নিজের ছুিরতেই খুন হয় বাচ্চু। ছিনতাইকারী বাচ্চুর ছুরি কেড়ে নিয়ে তাকে হত্যা করে রিকসা চালক। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন রিকসা চালক মোবারককাটির আলমগীর হোসেন। ওই ঘটনায় আরো কয়েকজন আটক হয়।
(৩) গত ২১ মার্চ সন্ধ্যায় স্থানীয় চিহ্নিত একটি মাদক ব্যবসায়ী চক্র যশোরের এনায়েতপুরে হাফিজুর রহমানের ছেলে নবম শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম রাকিবকে (১৬) খুন করে। পূর্ব শত্রুতা ও অধিপত্য দ্বন্দ্বে এ খুন হয়। হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাকিবুল ইসলামকে গেম খেলা সংক্রান্ত ঘটনায় তারই অতি পরিচিত সোহান এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। একদিন পরে ২২ মার্চ সোহানকে আটক করে পুলিশ।
(৪) গত ৯ এপ্রিল যশোরের বসুন্দিয়া মীরপাড়ার সৈয়দ সরোয়ার হোসেন (৪৮) খুন হন তারই ছেলে নয়ন হেসেনের (২৫) হাতে। ওই দিন রাতে সৈয়দ সরোয়ার হোসেন দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। এরপর তার সাথে স্ত্রী হাসিনা বেগমের একটি মেয়েলি ঘটনা নিয়ে গোলযোগ হয়। সরোয়ার হোসেন উত্তপ্ত কথা কাটাকাটির এক পর্যায়ে হাসিনাকে বেদম মারপিট করে। এ সময় তাদের ছেলে নয়ন হোসেন ঘুমিয়ে ছিল। হাসিনা বেগম ঘুম থেকে ডেকে ছেলেকে মারপিটের বিষয়টি জানালে বাক-বিতন্ডায় লিপ্ত হয়ে পিটিয়ে হত্যা করে।
(৫) গত ২২ জুলাই রাত সাড়ে ৯ টা থেকে রাত সাড়ে ১০ টার মধ্যে যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকায় মেম্বার নুরুন্নবীর গলিতে শাওনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এলাকার কয়েক চিহ্নিত দুর্বৃত্ত। ২৩ জুলাই রাত সাড়ে ১০ টায় বাবা আব্দুল হালিম শেখ ৮ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পুলিশ শাওন শেখ ওরফে টুনি (২৫) হত্যাকান্ডের ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িত ৩ জনকে আটক করে
(৬) গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০ টায় কবরস্থান এলাকার নারায়ন চন্দ্র ঘোষের চায়ের দোকানে বসে থাকা অবস্থায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয় আব্দুল হামিদের ছেলে সাবেক সৈনিক ও তাঁতীলীগ নেতা কাঁকন (২৯)কে। ঘটনার ব্যাপারে পরিবারের পক্ষে বলা হয়, একদল অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় আসামি অজ্ঞাত করে মামলা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থা।
(৭) গত ১০ নভেম্বর থানা পুলিশ ও আদালতকে এই তথ্য দিয়ে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত ওই দুই ঘাতক। এছাড়া হত্যা শেষে ছিনতাইকৃত ইজিবাইকটি মিশন সদস্য আব্দুল্লাহর কাছে হস্তান্তর করে।১১ নভেম্বর অজ্ঞাত আসামি করে মামলার পর আটক অভিযানে পাকড়াও হয় ওই তিন জন। তাদের ওই মামলায় আসামি করে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়।
(৮) গত ৯ নভেম্বর রাতে শহরতলী সুলতানপুরের মুজাদ্দুজ্জামানের ছেলে কলেজ ছাত্র ও ইজিবাইক আব্দুল্লাহকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ইজিবাইকটি ছিনতাইয়ের জন্যই ছিল ওই খুন। ওইদিন গভীর রাত থেকে পুলিশ তদন্ত ও আটক অভিযান শুরু করে। তাৎক্ষনিক অভিযান ও তদন্তে রেবিয়ে আসে হত্যা রহস্য, আটক হয় ৩ জন। এরা হচ্ছে শহরতলী শেখহাটি তরফ নওয়াপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে হাসিবুর রহমান হাসিব (১৯), পূর্ব বারান্দীপাড়ার ফারুক হোসেনের ছেলে আরিফ হোসেন (১৯) ও শেখহাটির সাঈদ আলী মোড়লের ছেলে সায়েদ আলী মোড়লের ছেলে আব্দুল্লাহ (১৮)। পুলিশের কাছে তারা হত্যাকান্ডের বর্ণনা দেয়াসহ দায় স্বীকার করে।
(৯) যশোরের শহরতলী বোলপুরের আব্দুল মালেকের ছেলে সিএনজি চালক রাশেদ আহমেদকে (২৮) কুপিয়ে হত্যা করা হয়। চাঁদাবাজি ও মাদক কারবারে বাধা দেয়ায় একই গ্রামের সুদখোর খোকনের ছেলে আলোচিত মাদক কারবারী মনিরুল ইসলাম ও তার সহযোগিরা এই হত্যাকান্ড ঘটায়। এ ঘটনায় নিহতের বোন রিক্তা বেগম থানায় এজাহার দিলে পুলিশ প্রধান আসামি মনিরুলের বাবাকে আটক করতে সক্ষম হয়। আর মনিরুল আটক এড়িয়ে চলছে। আত্মগোপনে থেকে নানা হুমকি দিচ্ছে বাদী ও ভুক্তভোগী পরিবারকে।
(১০) গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় শহরতলীর বকচর হুঁশতলা কবরস্থানপাড়ার মৃত লিটু সরদারের ছেলে রাকিব সরদারকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বকচর মোড়ে একটি ভাঙাড়ির দোকানে কাজ করা রাকিব এদিন সন্ধ্যায় মাঠপাড়ার শহিদুল ইসলামের চটপটির দোকানে চটপটি খেতে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাকিব বন্ধুদের সাথে চটপটি খাচ্ছিলেন। এ সময় একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হয়। মামলাটি র্যাব ৬ যশোর ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে বেশিরভাগ আসামিকেই আটক করতে সক্ষম হয়।
(১১) গত ১৯ ডিসেম্বর দুপুরে যশোরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে চিহ্নিত সন্ত্রাসীরা সাব্বির হোসেন নামে এক চা দোকানীকে ছুরিকাঘাত করে হত্যা করে। এদিন তিনি তার চায়ের দোকানে কাজ করছিলেন। এসময় তারই পরিচিত এলাকার আকাশ, স্বাধীনসহ ৩ জন তাকে পাশে ডেকে নিয়ে যায়। তারা ৪ জন যখন ওই হাজীর গোডাউনে অবস্থান করছিল, তখন এলাকার অতি পরিচিত, বিভিন্ন মামলার আসামি ৪/৫ জন এসে বাক-বিতন্ডা বাধায়। পরে এলোপাতাড়ি কোপানো শুরু করে। মাটিতে লুটিয়ে পড়ে সাব্বির। এ হত্যাকান্ডের সব আসামিই চিহ্নিত। তারা আটক এড়িয়ে চলছে।
হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাঙ্গীর আলম বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিগত ২০২১ সাল যশোরবাসীর জন্য ভালোই কেটেছে। এসব বিচ্ছিন্ন ঘটনা সাথে সম্পৃক্ত থাকার দায়ে পুলিশ বিপুল পরিমাণে অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছে। তাছাড়া যারা আত্মগোপনে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কেউ আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও ২০২২ সালের পুলিশ বাহিনীকে আরো দক্ষতার সাথে বিচ্ছিন্ন ঘটনাগুলো তদন্ত পরামর্শ দেয়া হয়েছে। নতুন বছরে জেলায় যে কোন অপরাধ ঠেকাতে পুলিশ কঠোর ভূমিকা পালন করবে বলে তিনি জানান।