মাগুরা প্রতিনিধি: মাগুরায় দ্রুতগতিতে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে মাগুরা-নড়াইল সড়কের পাজাখোলা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের গোলাম নবী (৬০) ও একই গ্রামের কাদের বাবু বিশ্বাস (৫৫)। এ ঘটনায় আরো অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস মাগুরায় যাচ্ছিল। বাসটি সদরের চাউলিয়া ইউনিয়নের পাজাখোলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে আঘাত করে উল্টে যায়। এ সময় গোলাম নবী (৬০) ও বাবু বিশ্বাস (৫৫) নামে দুই জন মারাত্মক আহত হন। তাদের সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় গুরুতর আরো ১৮ জন গুরুতর আহত হয়েছেন।
মাগুরা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার সালেহ উদ্দিন বলেন, মঙ্গলবার সাড়ে এগারোটার দিকে কিছু লোকজন আহতদের ও হাসপাতালে নিয়ে আসে। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় মিনিট বিশেক আগে দুজনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।
মাগুরা সদর থানার অফিস ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাগুরা হাসপাতাল মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে দু জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।