নিজস্ব প্রতিনিধি: যশোরে ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুইদিনের অতি বৃষ্টি হওয়ায় অন্তত ২০ হাজার হেক্টর জমির শীতের সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে শীতকালীন নানা ধরনের সবজি, সরিষা, মসুর, আলু, গম ও বোরো বীজতলা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি বিভাগের তথ্য মতে, ১২ হাজার ২৭০ হেক্টর শীতকালীন সবজি ক্ষেতের মধ্যে প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল, ৫ হাজার ৭০৫ হেক্টর মসুর ক্ষেতের মধ্যে ৪ হাজারা ১ শ হেক্টর, ১৫ হাজার ৮৯০ হেক্টর সরিষার ক্ষেতের মধ্যে প্রায় ১০ হাজার হেক্টর, ৯৩৫ হেক্টর আলুর ক্ষেতের মধ্যে প্রায় ৩শ’ হেক্টর, প্রায় ৫শ হেক্টর গম ক্ষেতের মধ্যে ২শ’১০ হেক্টর এবং ৩৭৫ হেক্টর বোরো বীজতলার মধ্যে ২৫০ হেক্টর বীজতলা তলিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, শীতকালীন সবজি বাজারে উঠানোর মূহুর্তে ক্ষেতগুলো বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ৭০ ভাগ ফসলই নষ্ট হয়ে যাবে। এতে করে বড়ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। এ ক্ষতি কোনভাবেই পুষিয়ে ওঠা সম্ভব হবে না।

যশোর চুড়ামনকাটি এলাকার কৃষক আব্দুল মজিদ বলেন, গত দুইদিনের প্রবল বর্ষণের কারণে আমার তিন বিঘা বাঁধাকপি দুই বিঘা সিস ও ১০ কাঠা মুলা তলিয়ে গিয়েছে। বর্ষার সময় এমন বৃষ্টি দেখা যায়নি। এ ক্ষতি কোনো ভাবে পূরণ করা সম্ভব না।
আব্দুলপুর এলাকার রফিক সরদার বলেন, আগাম শীতকালীন সবজি চাষ করার সময় টানা কয়েক দিনের বৃষ্টিতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আবার যখন সবজির দাম পাওয়া শুরু করলাম তখন দুই দিনের বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ যদি আমার দিকে একটু নজর দিতো তাহলে আমরা বাঁচে থাকতাম।
শওকত আলী বলেন, আমি দুই বিঘা জমিতে পটল, ৩বিঘা বাঁধাকপি ও ১বিঘা জমিতে বেগুন চাষ করেছি। কয়েক দিন পর বিক্রয় শুরু করবো। টানা বৃষ্টিতে আমার সব কিছু শেষ হয়ে গেছে। সরকার যদি আমাদের প্রণোদনার ব্যবস্থা করতো তাহলে আমাদের মতন কৃষক সবজি উৎপাদন করে জীবিকা নির্বাহ করতে পারত।
কৃষি সম্প্রষারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের কাছে কৃষকদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, আমরা ইতোমধ্যে তিনদিনের অতিবৃষ্টির কারণে যশোর অঞ্চলের শীতের সবজির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করেছি। তিন দিনে বৃষ্টির কারণে যশোর অঞ্চলের প্রায় ২০ হাজার হেক্টর জমির ফসলের চরম ক্ষতি হয়েছে। তারমধ্যে কিছু কিছু জমির ফসলের আংশিক ক্ষতি হয়েছে। বাকি জমির ফসল একেবারে পানির তলায় তলিয়ে গেছে। যে ক্ষতি আসলে কৃষক কখনোই পূরণ করতে পারবে না। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজও স্যারের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সনাক্ত করার চেষ্টা করছি। এরপরে ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা বীজ ও সারের ব্যবস্থা করবো বলে তিনি জানান।