খুলনা প্রতিনিধি: খুলনায় ২৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর হোসেন নামে এক গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যকে আটক করেছে পুলিশ সদস্যরা।
মঙ্গলবার দুপুরে ওই নারী নিজ শিশু কন্যার চিকিৎসা করাতে বাগেরহাট থেকে খুলনাতে আসেন। এরপর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম তাকে ফুঁসলিয়ে যশোর খুলনা রোড সুন্দরবনে হোটেলে নিয়ে যান। সেখানে ওই নারীকে জোর পূর্বক ধর্ষণ করেন জাহাঙ্গীর।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর লোয়ার যশোর রোডের হোটেল সুন্দরবনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আজ বুধবার এ ঘটনায় ভুক্তভোগী নারী খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম (৪৪) খুলনা জেলা ডিবিতে কর্মরত রয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে।
মামলা এজাহারে জানা গেছে, ভুক্তভোগী নারী বাগেরহাটের মোংলা থেকে তাঁর মেয়েকে ডাক্তার দেখার জন্য মঙ্গলবার খুলনায় আসেন। কিন্তু চিকিৎসকের সিরিয়াল না পেয়ে রাতে থাকার জন্য নগরীর সুন্দরবন হোটেলের অবস্থান নেন। ওই হোটেলে তাঁর ভাগ্নে অপর রুমে অবস্থান করছিলো।
মঙ্গলবার রাত ২টা ৫০ মিনিটে ডিবির সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম রুমে ঢুকে বিভিন্নভাবে হুমকি-ভয়ভীতি প্রদর্শন করেন। মামলার ভয় দেখায়। এক পর্যায়ে ওই নারীকে তাঁর ১১ বছরের শিশুকন্যার সামনে ধর্ষণ করেন। এ সময় তাদের চিৎকারে হোটেলবয়, ভুক্তভোগীর ভাগ্নেসহ অন্যরা এগিয়ে আসলে জাহাঙ্গীর রুম থেকে বেড়িয়ে যায়।
খবর পেয়ে হোটেল মালিক বিষয়টি পুলিশকে জানান ও হোটেলের প্রধান ফটক বন্ধ করে দেন। পরে পুলিশ এসে জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ ওই নারীর মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। ভুক্তভোগী নারীকে খুলনা মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন,হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সাথে সাথে হোটেলে ফোর্স পাঠিয়ে অভিযুক্ত পুলিশ সদস্য জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে আদালতে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য একজন পুলিশ পরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি তদন্ত চালিয়ে যাচ্ছেন। এরপরই প্রকৃত ঘটনা বলা যাবে বলে তিনি জানান।