অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে কেয়া খাতুন (৩০) নামে চামড়ার কারখানার এক নারী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।সোমবার দুপুরে উপজেলার তালতলা এলাকার এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড চামড়ার মিলের ক্যান্টিনে তাকে পিটিয়ে হত্যা করে একই মিলের শ্রমিক শামীম হোসেন (৩৫)। এ ঘটনায় পুলিশ ঘাতক শামীমকে আটক করে আদালতে হস্তান্তর করেছেন।
নিহত কেয়া খাতুন অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের মৃত আবুল কালামের মেয়ে। আর ঘাতক শামীম হোসেন উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকার খন্দকার মোশারফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সোমবার দুপুরে বিরতির সময় উপজেলার তালতলা এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি চামড়ার মিলের ক্যান্টিনে বসেছিলেন কেয়া। এ সময় তার পাশে এসে তাকে বিয়ের প্রস্তাব দেন শামীম। প্রস্তাবে রাজি না হলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু। এক পর্যায়ে শামীম তার হাতে থাকা লোহর রড দিয়ে কেয়ার মাথায় আঘাত করে। কেয়া মাটিতে লুটিয়ে পড়লে মিলের গিয়ে শামীম হোসেন চামড়ায় ব্যবহৃত এসিড নিয়ে এসে তার শরীর ও মুখে ঢেলে দেয়। কেয়ার চিৎকারে ক্যান্টিনের ভেতরে থাকা শ্রমিকরা দৌড়ে এসে শামীমকে আটক করেন। এরপর মিল কর্তৃপক্ষকে খবর দেয়। মিল কর্তৃপক্ষ এসে তাকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয়রা আহত কেয়াকে খুলনা আদ-দ্বীন হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছে। তবে কেন তাকে হত্যা করা হল সে বিষয়ে তদন্ত চলছে। এখনো কিছু বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে শামীমের সঙ্গে ওই নারীর সম্পর্ক ছিল। ওই নারী নতুন করে অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ানো কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শামীমের নামে হত্যা মামলা রুজু করে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।